শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

দেশের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট / ৪০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
সংগৃহীত ছবি

‎ঢাকা : পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূলে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোর আহ্বানও জানান।

‎ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

‎শুক্রবার (২০ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রাষ্ট্রপতি।
‎
‎নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি।’
‎
‎গণতন্ত্র প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’
‎
‎দেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো প্রয়োজন, যাতে তা দেশের ও মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।’
‎
‎এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও অবদান মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেয়া হচ্ছে, সেগুলো জাতীয় জীবনে কতটুকু ভূমিকা রাখছে, তা পর্যালোচনা করা দরকার।’
‎
‎শিক্ষকদের দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব।’

‎অনুষ্ঠানস্থলে পৌঁছালে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বর্ণাঢ্য নানা কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর