
মাগুরা : মাগুরায় আট বছর বয়সী আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার (১৭ মে) ঘোষণা করা হবে। মাগুরা জেলা আদালতে আজ এ মামলার রায় ঘোষণা করা হবে।
দেশবাসীর নজর এখন আদালতের সিদ্ধান্তের দিকে। ঘটনার মাত্র দুই মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হতে চলেছে।
মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান শনিবার দিন নির্ধারণ করেন। ওই দিন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে,গত ৭ মে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য, আইনজীবী ও দেশবাসী।
আইনজীবীরা বলছেন, আসামিদের অপরাধ প্রমাণে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তারা আশাবাদী, আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, যা ভবিষ্যতে এ ধরণের অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে।
আছিয়ার মা আয়েশা আক্তার শুক্রবার বলেন, আমরা আদালতের ওপর পূর্ণ আস্থা রাখছি। আছিয়ার মতো আর কোনো শিশু যাতে এমন নৃশংসতার শিকার না হয়, সেজন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
নির্মম হত্যাকাণ্ডটি ঘটে মাগুরা সদর উপজেলায়। রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালিয়েছেন।
চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আট বছরের শিশুটির। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের নামে মামলাটি করেন। পরে তাদের সবাইকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজিবের মা জাহেদা বেগম (৪০), বাবা হিটু শেখকে (৪৭) চারজনই বর্তমানে কারাগারে আছেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.