
আন্তর্জাতিক : সংযুক্ত আরব আমিরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের একাধিক গাড়ির সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সড়কে যানবাহনের গতি ছিল ধীর।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে সামনে থেমে থাকা কয়েকটি যানবাহনে আঘাত করে।
এ দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি ছিল ট্রাক। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বাড়ে।
ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। বাকিরা এখনো চিকিৎসাধীন। নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকও রয়েছেন। দেশটিতে অবস্থিত ভারতের কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিশরের নাগরিক রয়েছেন।
এদিকে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.