
আশুলিয়া (ঢাকাল : শিল্পাঞ্চল আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এসময় পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুড়া পাকপাড়ার আতি রহমানের মেয়ে নাজমা আক্তার (৩৩) এবং পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন ওরফে আলম (৪২)।
স্থানীয়রা জানান, আগস্টের শুরুতে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই নারী ও পুরুষ বাসা ভাড়া নিয়েছিল। ঘরের দড়জা-জানালা সবসময় বন্ধ থাকত। গতরাতে ওই কক্ষ থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি তাৎক্ষণিক থানায় অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামতও সংগ্রহ করে।
আশুলিয়া থানার ডিউটি এসআই রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। নির্মম এই ঘটনার নেপথ্যে হত্যাকান্ড নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.