
আশুলিয়া : শিল্পাঞ্চল আশুলিয়ায় বেকারির মিক্সার মেশিনে পড়ে ইমরান (২৪) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাতটার দিকে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকার মালা বেকারীতে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাংচড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। সে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকায় মৃত. মাহাতাবের বাড়িতে থেকে মালা বেকারীর চাকুরী করতো।
মালা বেকারীর শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত সকাল থেকেই ইমরান কাজে যোগ দিয়ে ময়দা মিক্সার করতে থাকে। অসাবধানতাবশত তার একটি হাত মেশিনে আটকে যায় এবং ধীরে ধীরে মেশিনের ভেতরে আটকে যায়। এসময় ঘটনাস্থলেই সে মারা যায়।
বেকারির মালিক ইমদাদুল জানান, ইমরানের বাবা-মা কেউ বেঁচে নেই। দুই বোন আছে। সে ছোট বেলা থেকেই তাদের (ইমদাদুল) বেকারীতে কাজ করে। সম্পর্কে তাদের চাচা হন। তারা দুই ভাই (ইমদাদুল ও আনোয়ার) বেকারী পরিচালনা করেন। প্রতিদিনের ন্যায় সকালে ইমরান কাজে আসে এবং অসাবধানতার কারণে ময়দা মিক্সার করার মেশিনে ঢুকে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
এলাকাবাসি জানায়, এই বেকারির কোন অনুমোদন নেই। অনুমোদন না নিয়ে দীর্ঘদিন ধরে বেকারী চালাচ্ছে। শিশু শ্রমিক দিয়েও এই বেকারী চালানোর অভিযোগ করেন এলাকাবাসি।
আশুলিয়া থানার এসআই মদন শাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.