
আশুলিয়া (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় গার্মেন্টস শিল্প শ্রমিকদের নিম্নতম মজরী ২৩ হাজার টাকা ঘোষণা এবং অবিলম্বে মজুরী বোর্ড গঠনের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
শুক্রবার বিকেলে আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) ও গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) এর ব্যানারে এ সমাবেশ করা হয়।
এসময় বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ নিয়ে ক্লাব চত্বরে সমাবেত হন শ্রমিকরা। এরপরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই দাবি আদায়ের কর্মসূচি চলতে থাকবে। প্রয়োজনে আরো কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বর্তমান বাজার মূল্যের উর্ধ্বগতিতে শ্রমিকদের জীবন যাপন দুর্বিষহ যন্ত্রণাময় পরিণত হয়েছে।
বিশ্ব বাজারের দোহাই দিয়ে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। কিন্তু শ্রম আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর মজুরীর হার সুপারিশ করার বিধান থাকলেও তা করা হচ্ছে না। বাজার মূল্যের সাথে তুলনামূলক বিশ্লেষণ করে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন কাঠামো বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করা এখন সময়ের দাবি। তাই বাজারের সাথে তাল মিলিয়ে জীবন যাপন করতে শ্রমিকদের মজুরী বোর্ড গঠন করে সর্বনিম্ন ২৩ হাজার টাকা মজুরী করার জোর দাবি জানান নেতারা।
জি-স্কপ এর কেন্দ্রীয় নেতা নইমুল আহসান জুয়েলও আইবিসির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুব সম্পাদক বাবুল আক্তার এর উপস্থিতি আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন আইবিসির আঞ্চলিক কমিটির সভাপতি মো: আল-কামরান।
জি-স্কপ আঞ্চলিক কমিটির সমন্বয়ক মো: মিজানুর রহমান মিজানের সঞ্চালনায়, সাধারণ সম্পাদক মো: ফরিদুল ইসলামের সার্বিক ব্যাবস্থাপনায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন আইবিসি ও জি-স্কপের নেতা মো: সরোয়ার হোসেন, মো: তুহিন চৌধুরী, মো: ইব্রাহীম প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও পোশাক শ্রমিকরা।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.