ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতরের মতো এবারের ঈদুল আজহায়ও মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাজধানীর সেতুভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
সেতুমন্ত্রী বলেন, আগামী ঈদযাত্রার সঙ্গে যুক্ত হবে গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টি। কাজেই ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং। সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার যাত্রাও এখন পর্যন্ত স্বস্তিদায়ক জানিয়ে তিনি বলেন, ‘যানজট নিয়ে যে জটিলতা, তা এবার বলতে গেলে একেবারেই কম ছিল। কিন্তু দুর্ঘটনা তেমন কমেনি। এত সেতু, এত রাস্তা করা হলো তারপরও ইতিবাচক অগ্রগতি সেভাবে হচ্ছে না। তবে আমরা হাল ছাড়ছি না। কাজটা চ্যালেঞ্জিং হলেও এটা অতিক্রম করা সম্ভব।’
‘এবারের ঈদে সম্মিলিত প্রয়াস ছিল, রাস্তাও ভালো ছিল। যে কারণে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। যানজটের দুর্ভাবনা অতীতে যেটা ছিল, এ পর্যন্ত সেটি হয়নি। বিশেষ করে বিআরটি প্রকল্প এলাকায় যানজটের যে আশঙ্কা করা হয়েছিল, সেটা হয়নি। অনেকটা যানজটমুক্ত ঈদ উদযাপন করতে পেরেছি। সামনের দিনে এ ধারাকে আরও ইতিবাচক করতে হবে। ভুলক্রুটি থেকে শিক্ষা নিতে হবে,’ বলেন সেতুমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বর নাগাদ চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।
পদ্মা সেতু থেকে আদায় হওয়া টোলের বিষয় নিয়েও তথ্য দেন তিনি। জানান, গেল ২০ এপ্রিল পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৭ হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭৭ লাখ টাকা। এছাড়া পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ৬৬০ কোটি টাকা।
এরই মধ্যে প্রথম কিস্তির ৩১৬ কোটি টাকা সরকারের কাছে ফেরত দেয়া হয়েছে এবং আগামী জুন মাসে দ্বিতীয় কিস্তির সমপরিমাণ অর্থ জমা দেয়া হবে বলে জানান সেতুমন্ত্রী।
বুধবারের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ সেতু ও সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বর্তমান সংবাদ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.