ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ শতাধিক ঘর ভস্মিভুত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
রোববার বিকেল ৩টার দিকে উখিয়ার বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে ৯ ও ১০ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ৮ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, ৩টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে উখিয়া ও টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। কক্সবাজার ও রামু স্টেশনকেও খবর দেয়া হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এরইমধ্যে পাঁচ শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে। তবে এখনও বিস্তারিত বলা যাচ্ছে না।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামছুদ্দৌজা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিটকে আগুন নেভানোর জন্য পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.