
মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ট্রলি গাড়ি প্রতিযোগিতা (খেলা) নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ধর্মচাকী গ্রামের জহুরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (২৫) ও একই গ্রামের কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সাহারবাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাহারবাটী গ্রামের মাঠে ট্রলি (ইঞ্জিনচালিত জমি চাষকারী যান) চালানো প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় যুবকরা। সাহারবাটী গ্রামের কড়ুইতলা পাড়া সংলগ্ন একটি মাঠের কাঁদাযুক্ত জমিতে শনিবার দিনব্যাপি এ প্রতিযোগিতা চলছিল। বিকেলের দিকে ওই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে সাহারবাটী গ্রামের ৩ প্রতিযোগী ও একই এলাকার ধর্মচাকী গ্রামের আরো ১জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।
সাহারবাটী গ্রামের ৩জন প্রতিযোগি খেলার কাঁদাযুক্ত জমির একই পাশাপাশি তাদের ট্রলি গাড়ী নিয়ে প্রতিযােগীতার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক তখন ধর্মচাকী গ্রামের কয়েকজন সাহারবাটী গ্রামের ৩জন প্রতিযোগীকে একই পাশে ট্রলি ভেড়াতে নিষেধ করেন। এনিয়ে দু’গ্রামের লোকজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়। তবে আহতদের অধিকাংশই ধর্মচাকী গ্রামের বাসিন্দা।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বড় কোন সংঘর্ষ ঘটেনি। তবে বাকবিতন্ডা হয়েছে মাত্র। এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.