
ডেস্ক রিপোর্ট : দুই দিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গী হয়েছেন আইসিটি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কোটালীপাড়া পৌঁছে।পরে তিনটি গাছের চারা রোপণ করে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে তিনি মোটর শোভাযাত্রা সহকারে গণভবন থেকে সড়কপথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হন।সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন বঙ্গবন্ধু কন্যা।
কোটালীপাড়ার আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন শেখ হাসিনা। সেখানে তিনি রাত্রিযাপন করবেন।
এরপর রোববার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এদিন বিকেলেই টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.