
কক্সবাজার : কক্সবাজারের সেন্টমার্টিন উপকূল থেকে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপকূলের প্রায় দেড় নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমার থেকে আসা একটি কাঠের নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করাকালে গতিবিধি সন্দেহজনক মনে হয়।
তাই কোস্টগার্ড সদস্যররা নৌকাটিকে থামার সংকেত দেয়। এসময় বোটের মাঝি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে।
কোস্টগার্ডের সদস্যরাও নৌকাটিকে ধাওয়া করে। পরে ওই নৌকা হতে পলিথিনে মোড়ানো বাদামি রঙের ১০টি প্লাস্টিকের বস্তা থেকে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.