
ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২৪ আসনে জয়ী হয়েছে নৌকার প্রার্থীরা। ভূমিধস এ জয়ের মধ্যদিয়ে টানা চতুর্থ দফা সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার দিবাগত রাত ৪টা পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া ২৯৮ আসনের ফলাফলে দেখা যায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২৪ আসন। আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর অন্যান্য দল পেয়েছে একটি আসন।
এরমধ্যে অনিয়ম-সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। এ আসনের ফলাফল স্থগিত রয়েছে। আর স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে বিজয়ী হওয়ায় ২০০৯ সাল থেকে টানা চতুর্থ ও মোট পঞ্চমবারের মতো সরকার গঠন করবে আওয়ামী লীগ। আর দলটির সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।
এর আগে ১৯৯৬ সালের ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে প্রথমবার বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। দলটির সভাপতি শেখ হাসিনাও দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় নির্বাচন। সেই নির্বাচনেও টানা দ্বিতীয় ও মোট তিন মেয়াদে বিজয়ী হয় আওয়ামী লীগ। সেই সরকারেও প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। শেখ হাসিনা সেই সরকারেও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও টানা চতুর্থ মেয়াদে ও মোট পঞ্চমবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.