
নরসিংদী : শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের নরসিংদীর পঁচারবাড়িতে ট্রাকের ধাক্কায় সিএনজির চালক সহ নিহত হয়েছে ৬ জন। এদের মধ্যে দুইজন নারী যাত্রীও ছিল। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর পৌণে একটার দিকে উপজেলার শিবপুর-মনোহরদী সড়কের পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবপুর থানার ওসি আফজাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি আফজাল বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে মনোহরদী থেকে শিবপুরের ইটাখোলা মোড় যাচ্ছিল। পথে পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশাটির চালক ও দুই নারী যাত্রীসহ ছয় জনের মৃত্যু হয়। খবর পেয়ে চাপা পড়া অটোরিকশাটি থেকে যাত্রীদের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন শিবপুর থানার ওসি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.