
গণতন্ত্রের বদলে রাজতন্ত্র ফিরিয়ে আনতে নেপালে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। গত বুধবার দেশটির জনগণ রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।
দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি বর্তমানে গণতান্ত্রিক হলেও, এই শতাব্দীর শুরুতে এখানে রাজতন্ত্র ছিল। নানা নাটকীয়তার পর গত দশকে সেখানে রাজতন্ত্রের অবসান ঘটে। তবে রাজতন্ত্রের অবসান ঘটলেও দেশটিতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক রাজতন্ত্রের সমর্থক রয়ে গেছেন।
বিক্ষোভকারীরা সমাবেশের সময় রাজা পৃথ্বী নারায়ণ শাহের মূর্তির চারপাশে জড়ো হন। নেপালের সাবেক এই রাজা ১৮ শতকে শাহ রাজবংশের সূচনা করেছিলেন। আর এ রাজবংশের শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র।
২০০৮ সালে নেপালে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে ও প্রজাতন্ত্রের আবির্ভাব হয়। এরপর থেকেই দেশটি গণতান্ত্রিক হিসেবে স্বীকৃতি লাভ করে। তবে প্রতি বছরই পৃথ্বী নারায়ণের জন্মবার্ষিকীতে তার ভক্ত ও সমর্থকরা রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিক্ষোভ সমাবেশ করেন।
এর আগের কিছু সমাবেশে পৃথ্বীভক্ত ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর থেকেই বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠেন। তবে গত বুধবারের সমাবেশটি ছিল শান্তিপূর্ণ। তাছাড়া মোতায়েন থাকা পুলিশ এই সমাবেশের ওপর কঠোর নজরদারি রেখেছিল।
রাজা পৃথ্বী নারায়ণের জন্মদিন উপলক্ষে বুধবার নেপালে সরকারি ছুটি পালন করা হয়েছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.