
আহমদ মাজহারুল হক :: পবিত্র আল কোরআনে সুরা তওবার ৩৬ নং আয়াতে যে চারটি মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে মহররম মাস অন্যতম। হযরত মোহাম্মদ ( সা:) এ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘রমজানের পরে সর্বোত্তম সাওম হলো মহররম মাসের সাওম এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল তাহাজ্জুদের সালাত’।
মহররম মাস হলো ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস। প্রাচীনকাল থেকে মহররম মাস কে পবিত্র হিসেবে মানা হয়। এই মাসে নানা রকম ঘটনা ঘটে ছিলো।
মহররম মাসের দশম দিন ইসলামে বিশেষ মর্যাদাসম্পন্ন একটি দিন। প্রচলিত আছে যে, এই দিনে বেশকিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
এই দিনে প্রথম মানব আদি পিতা আদম-কে সৃষ্টি করেন আল্লাহ।
আদম-কে এদিনেই জান্নাতে স্থান দেয়া হয় এবং পরবর্তীতে এই দিনেই পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাকে প্রতিনিধি মনোনীত করেছেন।
নূহ-এর সময়কালে এই দিনে মহাপ্লাবন হয়।
ইব্রাহীম জন্ম নেন এই দিনে এবং মূসা ও তার সাথীরা ফেরাউনের কবল থেকে উদ্ধার পানও এই দিনে।
হযরত মূসা (আ:) এর সমসাময়িক ফেরাউন ও তার সৈন্যদেরকে আল্লাহ এই দিনে নীল নদের পানিতে ডুবিয়ে মারেন।
হযরত ইউনুছ ( আ:) মাছের পেট থেকে মুক্তি পান এই দিনে।
হযরত আইয়ূব ( আ:) এই দিনে রোগ মুক্তি পান।
হযরত ঈসা ( আ:) এই দিনে জন্ম নেন এবং পরবর্তিতে তাকে সশরীরে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নেয়া হয় এই দিনে।
হযরত মুহাম্মদ ( সা:)-এর দৌহিত্র ইমাম হুসাইন এই দিন কারবালার ময়দানে ইয়েজিদের সৈন্যদের হাতে মৃত্যুবরণ করেন। যাকে কেন্দ্র করে শিয়া তরিকতের মানুষ শোক পালন করে। এদিন সরকারি ছুটি আছে বাংলাদেশে।
তবে কারো কারো মতে, নবী মূসা ও ফিরাউনের ঘটনা এবং ইমাম হুসাইনের ঘটনা ছাড়া অন্যগুলো এই দিনে ঘটেছিল বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়নি।
এ মাস ইবাদত-বন্দেগিতে রত থেকে অতিবাহিত করা। আমরা যেন এমন কিছু না করি যা আমাদেরকে ইসলাম অনুমতি দেয় না। যেমন কান্নাকাটি করা, মাতম-মর্সিয়া করা, শরীরের রক্ত বের করা ইত্যাদি করা থেকে আমরা বিরত থাকব। ১০ই মহররমকে কেন্দ্র করে অতিরঞ্জিত কিছু না করে আমরা চেষ্টা করব হজরত ইমাম হোসাইন (রা.) সত্য প্রচারের যে আদর্শ রেখে গেছেন তা যেন আমরা সব সময় আঁকড়ে ধরে রাখতে পারি আর এর জন্য আমাদেরকে প্রাণপন চেষ্টা অব্যাহত রাখতে হবে।
তাই আসুন, মহররম মাসে নফল রোজা ও নফল ইবাদতে রত থেকে অতিবাহিত করি। সেই সাথে দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সকল বালা মুসিবত দূর করে বিশ্ববাসীকে তাঁর নিরাপত্তার চাদরে আবৃত করে নেন, আমিন।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.