
জ্যেষ্ঠ প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানিতে চাঞ্চল্যকর বস্তাবন্দী রেনুকা হত্যাকান্ডের ক্লুলেস রহস্য উদঘাটনসহ নৃশংস হত্যাকান্ডের মুলহোতা তার নিজ স্বামী মিলন ও তার সহযোগী মামুনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
মঙ্গলবার (১৬ মে) গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গেল বছরের ২১ এপ্রিল পিরোজপুর জেলার ইন্দুরকানি থানাধীন কঁচা নদীর পশ্চিম পাড় থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে ইন্দুরকানি থানায় একটি হত্যা মামলা (নং ০৮) দায়ের করে।
অতঃপর পুলিশ অনুসন্ধান করে জানতে পারে যে, উক্ত নারীর নাম রেনুকা বেগম এবং তিনি উক্ত জেলার পিরোজপুর থানাধীন শংকরপাড়া এলাকায় বসবাসকারী জনৈক মোঃ মিলন ফকিরের স্ত্রী।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা কৃর্তক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে ঘটনাটি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত চাঞ্চল্যকর নৃশংস হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষে তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য ভিত্তিতে গতকাল ১৬ মে ২০২৩ খ্রিঃ তারিখ গাজীপুরের কোনাবাড়ী থানাধীন চৌ-রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বস্তাবন্দি রেনুকা হত্যাকান্ডের মূলহোতা ভিকটিমের স্বামী মোঃ মিলন ফকির ও মিলনের সহযোগী তার আপন ছোট ভাই মোঃ মামুন ফকির (২২)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, গ্রেফতারকৃত আসামী ভিকটিমের স্বামী মিলন পারিবারিক কলহের জের ধরে তার আপন ছোট ভাই মামুন এর সহযোগীতায় রেনুকাকে শ্বাসরোধে হত্যা করে। পরে তাকে গুম হয়েছে বলে চালিয়ে দেওয়ার উদ্দেশে লাশটি বস্তাবন্দী করে ইন্দুরকানি থানাধীন পাড়েরহাট এলাকা সংলগ্ন কঁচা নদীতে ফেলে দেয়।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.