
পঞ্চগড় : সকালে প্রাইভেট পড়তে গিয়েছিল তিন বন্ধু। পড়া শেষে যাওয়ার কথা ছিল বন্ধুর বাসায়। কিন্তু পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে প্রাণ হারায় দুই বন্ধু। গুরুতর আহত হয় আরেকজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী হলো সায়মন ইসলাম সাদিক (১৬) ও রেদওয়ানুল হোসেন রাহাত (১৮)। আহত হয়েছে ফজলে রাব্বি শাহ (১৭)।
নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে এবং রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রাইভেটপড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলযোগে বন্ধুর বাসায় যাচ্ছিল। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সায়মন ও রাহাতের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ফজলে রাব্বি।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রাহাতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ফজলে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.