
ডেস্ক রিপোর্ট : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৬টা ৩২ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের (জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ দেশজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জনানো হবে। সকাল ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এরপর টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাতেহা পাঠের পাশাপাশি হবে মিলাদ আর দোয়া মাহফিল। আলোচনা সভাও হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও এসময় উপস্থিত থাকবেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.