
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় নির্দ্বিধায় টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারতেন। অথচ সে পথে পা বাড়ালেন না। ঘোষণা দিলেন পদত্যাগের। এমন ঘোষণা প্রশংসায় ভাসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
বৃহস্পতিবার নিজের দল লেবার পার্টির চলতি বছরের প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকটির প্রথম সেশনেই পদত্যাগের ঘোষণা দেন ৪২ বছর বয়সী জাসিন্ডা আরডার্ন। নিয়ম অনুয়ায়ী আগামী ৭ ফেব্রুয়ারি তার প্রধানমন্ত্রীর দায়িত্ব শেষ হবে। কিন্তু অক্টোবরের জাতীয় নির্বাচন পর্যন্ত তিনি মধ্যবর্তী সরকারপ্রধানের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, নিজ দল লেবার পার্টি নতুন নেতা নির্বাচন করতে ১১ জানুয়ারি ভোটাভুটিতে অংশ নেবে।
বৈঠক থেকে বেরিয়ে রাজধানী ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে জাসিন্ডা আরডার্ন বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এ পদ বড় ধরনের দায়িত্বশীলতা দাবি করে। এ গুরুদায়িত্ব আমি আর পালন করতে চাই কিনা, গত গ্রীষ্মে তা নিয়ে আমি অনেক ভেবেছি। অবশেষে সিদ্ধান্ত নিয়েছি, না এই দায়িত্বের প্রতি সুবিচার করার মতো আমার আর যথেষ্ট শক্তি নেই। তাই অত্যন্ত সম্মানজনক এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জাসিন্ডা আরডার্ন বলেন, ‘এখনও তেমন কিছু ভাবিনি। তবে হ্যাঁ, বিয়ে করব। আমার মেয়ে নেভ চলতি বছর থেকে স্কুলে যাওয়া শুরু করবে। তাকে আরও সময় দেওয়া যাবে।’
পরিবার
জাসিন্ড এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। তবে ২০১৩ সাল থেকে দেশটির জনপ্রিয় টিভি উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে এক সাথে থাকছেন। ২০১৮ সালে তাদের ঘরে এক কন্যা সন্তানের আগম ঘটে। চার বছর বয়সি নেভ তে আরোহা আরডার্ন গেফোর্ড আসন্ন শিক্ষাবর্ষ থেকে স্কুলে যাওয়া শুরু করবে।
প্রধানমন্ত্রী কার্যালয়ে জাসিন্ডা
২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে প্যাসিফিকের দেশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন জাসিন্ডা আরডার্ন। এখন পর্যন্ত তিনিই বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। এরপর ২০২০ সালে বিপুল ভোটে দ্বিতীয় মেয়াদে আবার প্র্রধানমন্ত্রী হন। তার আগে তিনি বিরোধী দলীয় নেতারও দায়িত্ব পালন করেন।
দুই মেয়াদে সাড়ে পাঁচ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে জাসিন্ডাকে এক ঝাঁক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে করোনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ, দুটি মসজিদে সন্ত্রাসী হামলা, হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাৎ, আবাসন সমস্যা, জলবায়ু ও অর্থনৈতিক সমস্যা অন্যমত।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.