
যশোর : যশোরে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া অসুস্থ্য হয়ে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছে আরো দুইজন।
বুধবার রাতে যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটলেও শুক্রবার রাতে তা জানাজানি হয়।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে ইসলাম (৪৫), একই এলাকার আবু বক্কর মোল্লার ছেলে আবুল কাশেম (৬৫) ও শাহজাহান আলীর ছেলে জাকির হোসেন(২৯)। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন সিতারামপুর গ্রামের মনিরুদ্দীনের ছেলে বাবলু (২৮) এবং একই গ্রামের আনোয়ার মোড়লের ছেলে রিপন হোসেন মোড়ল (৩৬)।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গেল বুধবার রাতে যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের একটি মেহগনি ও লিচু বাগানে ওই পাঁচজন বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য পান করেন। ওই রাতেই তারা অসুস্থ্য হয়ে পড়লে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নেন। কিন্তু অবস্থার অবনতি ঘটলে ইসলামকে বৃহস্পতিবার ভোরে মদ খাওয়ার বিষয়টি গোপন করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে মারা যান তিনি। এরপর পরিবারের সদস্যরা দ্রুত ছাড়পত্র ছাড়াই লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে চলে যায়।
এদিকে, বাকিরাও গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে শুক্রবার সকালে তাদেরকেও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। এর মধ্যে জাকির হোসেন দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান। এরপরই তাদের বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য পানের বিষয়টি জানাজানি হয়।
এদিকে ঘটনা জানাজানি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি বাবলু ও রিপন হোসেন হাসপাতাল ছেড়ে বেসরকারি ক্লিনিকে সরে পড়েন। এছাড়া আবুল কাশেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাতে মারা যান।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, স্বজনরা তথ্য গোপন করে রোগীদের হাসপাতালে ভর্তি করেন। তবে রোগীদের মুখে গন্ধ থেকে বোঝা যায় অতিরিক্ত বা বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য পানের ফলে তারা অসুস্থ হয়ে পড়েন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, নেশাজাতীয় দ্রব্য সেবনে মৃত্যু ও অসুস্থ্য হওয়ার খবর তারা পেয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা অন্যকেউ তাদের কাছে কোনো অভিযোগ করেনি। বিষয়টি তারা খোঁজখবর নিয়ে দেখছেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.