
জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শুটার মোঃ ইয়াছিন উদ্দিন লিটন ওরফে ইয়াসিন ওরফে লিটন আখন্দ ওরফে শুটার লিটন (৩৯) কে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রাজধানীর যাত্রবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী বিজিবি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন, ০৩ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ৩৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৫১,০৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার লিটন কুমিল্লার মেঘনা থানাধীন চন্দনপুর গ্রামের মৃত বদরুজ্জামানের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শুটার লিটন রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর, মুগদা, পল্টন, মতিঝিল, কদমতলী ও কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধ ভূমি দখল, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার কাজে কেউ বাঁধা প্রদান করলে শুটার লিটন বাঁধা প্রদানকারীদের মারধর করে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ প্রাণ নাশের হুমকি প্রদর্শন করত বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। লিটন অস্ত্রের ভয় দেখিয়ে উক্ত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করত যার কারণে কেউ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করতনা।
গ্রেফতারকৃত লিটন জিজ্ঞাসাবাদে জানায়, সে বিভিন্ন উচ্চবিত্ত ও ব্যবসায়ীদের টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে মোটা অংকের চাঁদা দাবি করত। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লিটন তাদেরকে মারধরসহ বিভিন্ন শারীরিক নির্যাতন করত এবং প্রয়োজনে তাদেরকে হত্যা করত বলে জানা যায়।
এছাড়া লিটন কন্ট্রাক্ট কিলিংসহ মোটা অংকের টাকার বিনিময় যে কাউকে হত্যা করতে দ্বিধাবোধ করতনা। যার কারণে সে শুটার লিটন নামে খ্যাত।
এছাড়াও লিটনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও পল্টন থানায় ১টি হত্যা মামলা, ২টি অস্ত্র মামলা, ৩টি মাদক মামলা ও ডাকাতির প্রস্তুতির মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.