সাতক্ষীরা থেকে সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়ায় গলায় রশি পেঁচিয়ে পারভেজ (১৬) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের শওকত মোল্লার ছোট ছেলে। সে কেশবপুর ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
নিহতের স্বজনরা জানায়, রাতে পারভেজ নিজ ঘরের ফ্যানের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় নিচে নামায়।
কোন একটা বিষয়ে পরীক্ষা খারাপ হওয়ায় সে মানসিক অবসাদে ভোগে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবারের দাবী।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.