
আন্তর্জাতিক ডেস্ক : সার্বিয়ার বেলগ্রেদে একটি স্কুলের শ্রেণিকক্ষে গুলিবর্ষণে আট সহপাঠী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
সার্বিয়ার কর্মকর্তারা বলেছেন, বুধবার (০৩ মে) সকালে ১৪ বছরের এক কিশোর পূর্ব পরিকল্পনার জেরে এই ঘটনাটি ঘটিয়েছে। খবর রয়টার্স।
পুলিশ জানিয়েছে, স্কুলে কিশোর নিজের বাবার হ্যান্ডগান নিয়ে আসে। তারপর প্রথমে এক নিরাপত্তারক্ষী এবং বারান্দায় থাকা তিন মেয়েকে গুলি করে। পরে স্কুলের একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষক ও সহপাঠীদের গুলি করে। আহত শিক্ষক ও অপর ছয় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্কুলের প্রাঙ্গন থেকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। গুলিবর্ষণের কথা সে স্বীকার করেছে। এই বিষয়ে কে তাকে পরামর্শ দিয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে।
বেলগ্রেদ পুলিশের প্রধান ভেসেলিন মিলিক বলেছেন, আগে থেকেই সে সব কিছু পরিকল্পনা করেছিল। এমনকি যাদের সে হত্যা করতে চায় সেই শিশুদের তালিকাও ছিল তার কাছে। তার কাছে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি পেট্রোলবোমা ছিল।
সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আট শিশু ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এক শিক্ষক ও ছয় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গাসিক বলেছেন, গুলিবর্ষণকারী কিশোরের বাবাকে গ্রেফতার করা হয়েছে।
বর্তমান সংবাদ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.