ঢাকা : শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল বাংলাদেশ, ভারত নেপাল, চীন ও ভুটান। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লোবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে নেপাল-তিব্বত সীমান্তে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
জার্মান রিচার্স সেন্টার ফর জিওসায়েন্স-জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.০।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এনসিএস অনুসারে, ভূমিকম্পটি ভারতের স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে হয়েছিল। এর কেন্দ্রস্থল ছিল তিব্বতের জিজাং এলাকায়।
নেপালের সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্ট বলছে, কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়।
সামাজিকযোগাযোগ মাধ্যমের কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি নেপালের সীমান্তের কাছে তিব্বতে আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্স-এ পোস্ট করেছে যে ,৭.১ মাত্রার ভূমিকম্প তিব্বতের `জিজাং’ এর কাছে আঘাত হেনেছে।
এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫। উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। নয়া দিগন্ত