শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

‎২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে: খলিলুর রহমান

কক্সবাজার থেকে সংবাদদাতা / ১৯ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
ড. খলিলুর রহমান। ছবি সংগৃহীত

কক্সবাজার : ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা গণহত্যা-আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে বিষয়টি স্পষ্ট হয়েছে। এই রায় মানতে মিয়ানমার আইনগতভাবে বাধ্য। রোহিঙ্গাদের নিরাপদে মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়া, অপরাধীদের বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

‎শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের খেলার মাঠে সমবেত শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দেন তিনি। আগের দিন নেদারল্যান্ডসের হেগে আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করে।
‎
‎রোহিঙ্গাদের উদ্দেশে আবেগঘন বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, হেগের আদালত তাদের পরিচয় ‘রোহিঙ্গা’ হিসেবে উচ্চারণ করেছেন এবং ২০১৭ সালে তাদের ওপর চালানো নিপীড়নকে গণহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিচার দেখে যেতে পারেননি, এমন নিহত ব্যক্তিদেরও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি।
‎
‎রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে অতীতে আশ্রয়শিবিরগুলোতে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন জাতিসংঘের এই শীর্ষ প্রতিনিধি। তার বক্তব্য, নিউইয়র্কে বসে শুধু তাদের বিষয়ে কথা বলার পরিবর্তে তিনি সরাসরি শরণার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছেন। বছরের পর বছর ধরে বিশ্ববাসীর কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরার যে আহ্বান রোহিঙ্গারা জানিয়ে এসেছেন, এবার আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় সেই বক্তব্যের স্বীকৃতি মিলেছে।
‎
‎ড. খলিলুর রহমানের বক্তব্য অনুযায়ী, আইসিজের সিদ্ধান্তে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গা গ্রাম ধ্বংসের বিষয়গুলো উঠে এসেছে। অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ আদালত পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন।
‎
‎এই বিচারিক অগ্রগতির পেছনে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। মামলাটি দায়েরকারী গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আইসিজের বিচারক এবং জাতিসংঘের তদন্তকারী দলের অবদানের কথা স্মরণ করেন।
‎
‎বাংলাদেশ সরকার, সাধারণ মানুষ এবং উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। বিশেষভাবে শ্রদ্ধা জানান সেই রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের, যারা ভয় ও প্রতিকূলতা উপেক্ষা করে আদালতে সাক্ষ্য দিয়েছেন।
‎
‎শুধু রায় ঘোষণার মধ্যেই ন্যায়বিচার সীমাবদ্ধ রাখতে চান না ড. খলিলুর রহমান। সিদ্ধান্তটির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে তিনি চারটি বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট পক্ষগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।
‎
‎প্রথমত, গণহত্যায় জড়িত সন্দেহভাজনদের তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে হবে। গণহত্যা সনদের অধীনে অপরাধের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের প্রয়োজনীয় সংশোধন করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।
‎
‎দ্বিতীয়ত, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি করতে হবে। তাদের হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পরিবারগুলোকে পুনরায় একত্রিত করা, নাগরিকত্বের অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং মিয়ানমারে জাতিসংঘের কাজের সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
‎
‎তৃতীয়ত, গণহত্যা ও বাস্তুচ্যুতির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং সম্প্রদায়কে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আগামী দুই বছরের মধ্যে মিয়ানমারকে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানান তিনি। প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত আশ্রয়শিবিরে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বাংলাদেশের একার পক্ষে দীর্ঘদিন এই বিশাল মানবিক দায়িত্ব বহন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
‎
‎চতুর্থত, রায়ের বাস্তবায়ন এবং ভবিষ্যতে গণহত্যা ঠেকাতে মিয়ানমারের আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় সংস্কার আনতে হবে। নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে রোহিঙ্গারা ভয়ভীতি ছাড়া বসবাস করতে পারবেন।
‎
‎রায় বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতার বিষয়টিও বিশেষভাবে স্মরণ করিয়ে দেন ড. খলিলুর রহমান। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক বিচার আদালতের রায় সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য মানা বাধ্যতামূলক। কোনো পক্ষ তা বাস্তবায়নে ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‎
‎বক্তব্যের শেষ পর্যায়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদের তাৎপর্য তুলে ধরেন তিনি। তার মতে, সামরিক শক্তি কিংবা রাজনৈতিক ক্ষমতা না থাকা সত্ত্বেও একটি জনগোষ্ঠীর পক্ষে এই আন্তর্জাতিক আইন কার্যকর হওয়ার দৃষ্টান্ত তৈরি হয়েছে।
‎
‎জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’ উল্লেখ করে তিনি বলেন, আইসিজের রায় বিশ্ববাসীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করে যেতে হবে।
‎
‎রোহিঙ্গাদের কাছে তাই এই রায় কেবল অতীতের অপরাধের স্বীকৃতি নয়; এর সঙ্গে জড়িয়ে আছে হারানো অধিকার ফিরে পাওয়া, অপরাধীদের বিচারের মুখোমুখি করা এবং দীর্ঘ নির্বাসন শেষে নিজেদের জন্মভূমিতে ফেরার প্রত্যাশা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর