সাভার : ঢাকার আশুলিয়ায় শামসুন্নাহার নামের এক নারীর আধাপাকা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সেই সাথে বাড়ি থেকে তারিয়ে দিতে নানা ভয়ভীতি দেখানা হচ্ছে। প্রাণ ভয়ে ভাড়ি থেকে বেরও হতে পারছেন না তিনি। এছাড়া বাড়ি ছেড়ে দিতেও প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন তারা। ঘটনায় ওই নারী আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
সোমবার সকালে আশুলিয়ার গোহাইলবাড়ি দক্ষিণপাড়া এলাকার বাচু মিয়ার স্ত্রী শামসুন্নাহার কান্না জড়িত কন্ঠে এসব কথা বলেন। এরআগে একইদিন ভোর রাতে তার বাড়ির গেটের সামনে আগুন, গেটের একটি তালা ভাংচুর সহ ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটে। তবে থানা পুলিশ কোন সহযোগিতা করছন না বলও অভিযোগ করেন তিনি। তাই বাধ্য হয়ে গত ৪ মার্চ বিজ্ঞ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা (নং ২৭৬) এবং ৬ মার্চ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অপর একটি পিটিশন মামলা (নং ৩৫) দায়ের করেন।
মামলায় আসামীরা হলেন, ঢাকার আশুলিয়ার গোহাইলবাড়ি দক্ষিণপাড়া এলাকার আয়নাল হোসেনের ছেলে আমানত হোসেন (৪৭), রহমান মোল্লা (৪৫) এবং একই এলাকার মৃত. সিকিম আলীর ছেলে আব্দুল (৪৬) সহ অজ্ঞাতনামা ৪/৫জন।
ভুক্তভোগী ওই নারী জানান, বিগত ২০২৩সালের ২৫ জুন রায়তী জোত স্বত্বর সাফ হস্তান্তরনামা দলিল মূলে ৪ শতাংশ জমি স্থানীয় তোতা মিয়ার ছেলে আব্দুল ওহাবের কাছ থেকে ক্রয় করেন ভুক্তভোগী। সেই সাথে জমিতে থাকা সমস্ত স্থাপনাও ক্রয় করে নেন তিনি। সাফ হস্তান্তরনামা দলিলে সাক্ষী হিসেবে ছিলেন, আমানত হোসেন, তার স্ত্রী ফারহানা এবং স্থানীয় প্রভাবশালী আব্দুল।
জমির দাম বেড়ে যাওয়ায় সাক্ষীগণরা তার জমি ও বাড়ি দখলে নিতে নানা পায়তারা শুরু করে এবং বিগত তিন মাস ধরে ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিতে থাকে। তার স্বামী বাচ্চু মিয়া ঢাকার একটি প্রেসে লেবার পোষ্টে কাজ করেন এবং দুই মেয়ে বিয়ে হওয়ায় তিনি একাই বাড়িতে বসবাস করেন। এরই ধারাবাহিকতায় গত ৪ মার্চ রাত্র আনুমানিক ৮টার দিকে আমানত, রহমান ও আব্দুল সহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে হত্যার উদ্দেশ্য তার গলা টিপে ধরে। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। এ ঘটনায় বিজ্ঞ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন জনের নাম উল্লেখ করে মামলা করেন। আদালতে মামলা করায় বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে ঘটনার দুইদিন পর ৬ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পুনরায় তার বাড়ির বাহিরে এসে গালিগালাজ করতে থাকে। এসময় তিনি ঘরের দড়জা জানালা বন্ধ কর ভেতরে অবস্থান নিয়ে জীবন রক্ষা করেন।
তিনি জানান, জমি ও বাড়ি দখলে নিতে না পারায় একপর্যায়ে তার নিজের নাম, স্বামী বাচু মিয়া এবং মেয়ের জামাই ওয়াসিমের নামে আশুলিয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন প্রতিপক্ষ আমানত হোসেন। বর্তমানে ওই মামলায় জামিনে রয়েছেন তারা।
ভুক্তভোগী ওই নারী আরো জানান, গেল রাতে তার ঘরে ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিপক্ষরা। গেটের সামনে আগুন ধরিয়ে দেয় এবং গেটের একটি তালা ভাংচুর করে। মারধরের ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না তিনি। এমনকি তার নিজের দুই মেয়ে বাড়িতে আসতেও পড়তে হচ্ছে চক্রটির বাধার সম্মুখীন। সেই সাথে পরিবারের সদস্যদের নামে দেয়া হয়েছে মিথ্যা মামলাও। এনিয়ে আতঙ্কিত ভুক্তভোগি ওই নারী। নিজের নিরাপত্তা চেয়ে দারে দারে ঘুরলেও সমাধান মিলছে না তার। আতঙ্কে ২৪ ঘন্টা গেটে তালা ঝুঁলিয়ে দিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এদিকে, মীমাংসা করার কথা বলে মধ্য রাতে ওই নারীকে বাড়ি ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ করেন আশুলিয়া থানার এসআই সাদরুজ জামানের বিরুদ্ধে। যদিও এসআই সাদরুজ জামান হুমকির বিষয়টি অস্বীকার করেছেন।
এ বিষয়ে তিনি জানান, বাড়িসহ জমি দখলের একটি অভিযোগের পর তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
মধ্য রাতে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, মামলা হওয়ার পর তাকে ধরতে ও মালামাল উদ্ধারে জন্য যাওয়া হয়। কিন্ত সে একা ও গেইট না খুলায় ফিরে আসতে হয়। সে সময় তাকে থানায় এসে মীমাংসার জন্য বলা হয়। কোন ধরনের হুমকি দেওয়া হয়নি।