বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

আশুলিয়ায় নর্দমা থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার ; মূলহোতাসহ গ্রেফতার-৩

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০৫ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শিল্পাঞ্চল আশুলিয়ার একটি নর্দমা থেকে তানভীর ইসলাম (০৮) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূলহোতা সহ তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। এর আগে শবে বরাতের রাতে অপহরণের শিকার হয় শিশু তানভীর।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এরআগে, বুধবার (০৮ মার্চ) বিকেলে আশুলিয়ার টংগাবাড়ি বটতলা আমান স্পিনিং মিলের পাশের একটি নর্দমা থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ এবং পরে টংগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতাকৃতরা হলেন- ঢাকা জেলার মো. আনোয়ার হোসেন (২০), মো. সাকিব হোসেন (২৬) ও মো. তামজিদ আহমেদ ওরফে রাফি (১৪)।

নিহত শিশু তানভীর আশুলিয়ার টংগাবাড়ী এলাকার মসজিদের ইমাম মো. সোলায়মানের ছেলে। সোলায়মান কুমিল্লার বাসিন্দা। তানভীর টংগাবাড়ী এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

শিশু তানভীরের বাবা মো. সোলায়মান জানান, শবে বরাতের নামাজ পড়ে মোনাজাত করার সময় তানভীরকে মসজিদ থেকে অপহরণ করে স্থানীয় মুদি দোকানদার আনোয়ার হোসেন। এরপর তার তার কাছে ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। রাতে টাকা দিতে না পারায় তারা তার ছেলেকে হত্যা করে।

র‌্যাব জানায়, গত ৭ মার্চ আশুলিয়ার টংগাবাড়ী এলাকা থেকে নিখোঁজ হন ৮ বছরের মাদ্রাসা পড়ুয়া শিশু তানভীর। পরেরদিন ভিকটিমের বাবার কাছে ফোনে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি ভিকটিমকে অপহরণ করা হয়েছে জানায় এবং মুক্তিপণ দাবীসহ হুমকি দেয়। এমতাবস্থায় ভিকটিমের পিতা নিরুপায় হয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরিসহ র‍্যাব-৪ বরাবর অভিযোগ দায়ের করেন। পরে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্তের পাশাপাশি ও জড়িত আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। ইতোমধ্যে আশুলিয়া থানাধীন টংগীবাড়ী এলাকায় আমান স্পিনিং মিলের পাশের নর্দমায় বস্তাবন্দী শিশুর লাশ দেখতে পেয়ে সংশ্লিষ্ট থানায় অবহিত করে স্থানীয়রা। পরে র‌্যাব-৪ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে ভিকটিম শিশু তানভীরের লাশ সনাক্ত করে ও হত্যাকান্ডে জড়িত আসামীদের সম্পর্কে সুনিশ্চিত হবার পর মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। ভিকটিমের পরিবার ও ধৃত আসামীরা একই এলাকায় বসবাস করার সুবাদে তারা একে অপরের পূর্ব পরিচিত। উক্ত হত্যাকান্ডের মূলহোতা আনোয়ার হোসেনের সাথে ভিকটিমের পিতা মো. সোলায়মানের দীর্ঘ দিন যাবৎ ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিলো। ভিকটিমের পিতা সোলায়মান আসামী আনোয়ার হোসেনের নিকট পাওনা টাকা চাইলে আসামী আনোয়ার পাওনা টাকা দিবে বলে কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে ভিকটিমের পিতা সোলায়মান ধৃত আসামী আনোয়ারের বাড়ীতে গিয়ে টাকা চাওয়ার প্রেক্ষিতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ভিকটিমের পিতা সোলায়মান দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত পাওয়ার জন্য আনোয়ারকে বকাবকি করে এতে আনোয়ার অপমান বোধ করে। এই ঘটনার প্রেক্ষিতে আনোয়ার ক্ষিপ্ত হয়ে সোলায়মানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সোলায়মানের শিশু পুত্র তানভীরকে অপহরণ করার পরিকল্পনা করে।

এরই সূত্র ধরে গত ৭ মার্চ শবে বরাতের রাতে পূর্ব পরিকল্পনাভাবে আনোয়ার তানভীরকে সুকৌশলে জমি দেখার কথা বলে আশুলিয়া থানাধীন শ্রীখন্ডিয়া এলাকায় রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে গলায় চেপে ধরে ও মাটিতে আছার দেয়। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে লাশ সেখানে ফেলে রেখে হত্যাকারীরা তাদের বাসায় ফিরে আসে। পরদিন ৮ মার্চ ভোর বেলা লাশ গুম ও হত্যার প্রমাণ লুকানোর জন্য একটি বস্তায় ভরে সবজির গাড়ীতে করে আশুলিয়া থানাধীন টংগাবাড়ী এলাকায় রাস্তার পাশে ময়লার ড্রেনে ফেলে দেয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ শিশু অপহরণকারী চক্র এবং এরুপ অপরাধের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর