নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার আশুলিয়ায় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর সদস্যরা। এসময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
রবিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান।
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার জুয়েল মিয়া (৩৫) ও আওলাদ মিয়া (২৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল জামগড়া এলাকায় অভিযান চালায়। এসময় ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান সহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।