বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

কালিগঞ্জে প্রধান সড়ককে ঘেরের বেড়িবাঁধ ; জনদূর্ভোগ

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৪২ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ণ

মো: রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়নের রায়পুরে চলাচলের প্রধান একটি সড়ক ব্যক্তিগত ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করায় জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসির অভিযোগে বিষয়টা সরেজমিনে দেখতে আসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজহার আলী। পরে স্থানীয়দের আশ্বাস দেন তিনি।

রায়পুর গ্রামের মৃত মন্তেজ গাজীর পুত্র মতিয়ার রহমান ( ৫০) ক্ষমতার দাপটে রায়পুর টু নিজদেবপুরের প্রধান সড়কে ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করায় রাস্তাটি খালে পরিণত হয়েছে।

নিজদেবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নূর মোহাম্মদ গাজীর বাড়ি হতে প্রায় ৭০০মিটার রাস্তার উপর দিয়ে মাটি দিয়ে, কোন আউট ক্যানেল ছাড়াই সরাসরি রাস্তাকে ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করায় বৃষ্টি হলে রাস্তাটিতে হাটু সমান পানি জমে।

ফলে জনবহুল এই সড়কটি মানব চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ রাস্তাটিতে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল।

এদিকে নিজদেবপুরে একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় কোমলমতি শিশুরা বর্ষার মৌসুমে স্কুলে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।
এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম ও এলাকাবাসী মতিয়ার রহমানকে রাস্তার পাশ দিয়ে আউট ক্যানেল করে ঘের করার পরামর্শ দিলে তিনি কারোর কথার কর্ণপাত করেননি। এরপর স্থানীয় ১০৫ জন স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত দিলে, মঙ্গলবার ( ১১ জুলাই) বিকেল সাড়ে চারটায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজহার আলী ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।

কিন্তু মতিয়ার রহমানকে বাড়ি পাওয়া যায় নাই। সহকারী কমিশনার ভূমি মোঃ আজহার আলী সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করেন ও স্থানীয় জনগণের বক্তব্য শোনেন। ক্ষুব্ধ জনতাকে রাস্তার সংস্কার এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ বিষয়ে মতিয়ার রহমানকে ফোন করে বিষয়টি জানতে চাইলে তার ভাই আবুল হোসেন ফোন রিসিভ করে জানান বাংলাদেশের সর্বত্র আউট ক্যানেল ছাড়াই মানুষ ঘের করছে, আমিও তাই আউট ক্যানেল ছড়া ঘের করছি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর