পটুয়াখালী : অবৈধ বেহুন্দী জাল দিয়ে মাছ না ধরা, মাসিক চাঁদা বন্ধ এবং এর প্রতিকার চেয়ে পটুয়াখালীর গলাচিপায় মানব বন্ধন করেছে স্থানীয় শতাধিক জেলে।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানব বন্ধন থেকে জানানো হয়, দাদন নেয়া ছাড়া কোন জেলে মাছ শিকার করতে পারে না। এর উপর আবার বিভিন্ন মহলে মাসিক চাঁদা দিতে হয়। অবৈধ বেহুন্দী জাল দিয়ে মাছ শিকার করা হলে এ মাসিক চাঁদা দিয়েই মাছ শিকার করতে হয়। তাই এখন থেকে আর অবৈধ বেহুন্দী জাল দিয়ে মাছ শিকার করা হবে না৷ কাউকে চাঁদাও দেয়া হবে না। এর প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
মানব বন্ধনে এসময় উপস্থিত ছিলেন, চরবাংলা এলাকার প্রায় শতাধিক জেলে। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলেদের প্রতিনিধি শাহবুদ্দিন।
এ বিষয়ে বক্তব্য নিতে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলামা ও গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।