ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশানের শাহাজাদপুরে একটি ১২ তলা ভবনের ৭ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বর এলাকার ওই বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। রাত ১১টার পর এ আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের খবরে আতঙ্কে কয়েকজন বাসিন্দা ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই ভবনে এখনও অনেকে আটকা পড়েছেন। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ নম্বর আবাসিক ভবনটির সপ্তম তলায় রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর পর্যায়ক্রমে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এছাড়া সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও এসে যোগ দেন। বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও আসে।
গুলশান থানা সূত্রে জানা গেছে, আবাসিক ওই ভবনে অনেকগুলো পরিবার বসবাস করে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েন।। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, চারজন নারী ও তিনজন পুরুষকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে। তবে কতজন ভেতরে আটকে আছেন, তা জানা যায়নি