স্টাফ রিপোর্টার : জয়পুরহাট থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারভোক্ত আসামী রনি হোসেন (৩৫) বিদেশে পালাতে গিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর হাতে গ্রেফতার হয়েছেন।।
শনিবার দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক মো. পারভেজ রানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার রাতে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রনি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনার খবর পায় র্যাব। এতে র্যাবের একটি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালায়। অভিযানে পলাতক আসামী রনি হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় রনির কাছ থেকে একটি পাসপোর্ট, একটি বিমানের টিকেট, একটি করে মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ ৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।