সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

‎ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

ডেস্ক রিপোর্ট / ৪৭ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট : বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১৬২ রেকর্ড করা হয়েছে। এই মাত্রার বায়ু স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।বাংলাদেশ সংবাদ
‎
‎তালিকায় ৫০১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা ও দিল্লি। শহর দুটির স্কোর যথাক্রমে ১৯২ ও ১৮৭।
‎
‎এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর। ঢাকার পরের অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন। শহরটির একিউআই স্কোর ১৬০। ১৫৫ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তালিকার নবম ও ১০ম অবস্থানে যৌথভাবে রয়েছে মিসরের কায়রো ও নেদারল্যান্ডসের রটারডাম। শহর দুটির একিউআই স্কোর ১৩৯।
‎
‎আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মানকে বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে ধরা হয়।
‎
‎বায়ুদূষণ বাড়লে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এ অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।
‎
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর ফলে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর