বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নগ্ন ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবী মূলহোতাসহ গ্রেফতার-৩

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৫ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ
নগ্ন ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবী মূলহোতাসহ গ্রেফতার-৩

 

নিজস্ব প্রতিবেদক : টার্গেট করে নারী দিয়ে মিথ্যা সম্পর্ক তৈরী করে অপহরণ করাই ছিল তাদের কাছ। এরপর অপহৃত ব্যক্তির নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নিত মোটা অংকের টাকা। ওই চক্রের মূলহোতাসহ তিনজনকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৪)। সেই সাথে তাদের কাছ থেকে অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যও পরিচয় দিত।

বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এরআগে, মঙ্গলবার (৭ মার্চ) আশুলিয়ার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহের মোছা. মায়া খাতুন (৩৭), শিমুল বিশ্বাস (৪৩) ও মো. মোক্তার শেখ (৫০)। তারা সকলেই আশুলিয়ার ধলপুর এলাকায় বসবাস করতেন।

র‌্যাব জানায়, গত ৬ মার্চ রুমন হোসাইন নামের এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ওই দিন বেলা ৩টার দিকে তার বাবা মো. আক্তার আলী বিশ্বাস তাদের বাসা আশুলিয়া থেকে জিরাবো ফুফাতো ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। এর কিছু সময় পর থেকেই তার বাবার ফোন বন্ধ পান। পরে ফোনে না পেয়ে তার ফুফাতো ভাইয়ের বাসায় ও অন্যান্য আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ নিয়েও কোন সন্ধান পান না। একপর্যায়ে ওইদিন সন্ধ্যায় অপহৃতের ব্যবহৃত ফোন থেকে তার ছেলে অভিযোগকারী রুমনের কাছে ফোন করে অজ্ঞাত ব্যক্তি জানায়, তার বাবা আক্তার আলী বিশ্বাস তাদের কাছে রয়েছে। তারা অপহৃতের নগ্ন ছবি তুলে রেখেছে, দ্রুত সময়ের মধ্যে এক লক্ষ টাকা না দিলে তারা ভুক্তভোগীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবে, এমনকি টাকা না পেলে অপহৃতকে হত্যারও হুমকি দেয় তারা।

পরে বিষয়টি র‌্যাবকে জানালে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ৭ মার্চ র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আশুলিয়ার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে অপহৃতকে উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর