ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবগঠিত মন্ত্রিসভার সকল সদস্য শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা জানাবেন।
এরই মধ্যে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এরপর ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোন করে আমন্ত্রণ জানানো হয়। মন্ত্রিসভায় স্থান পাওয়া পূর্ণ মন্ত্রীরা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন।
এরপর তারা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করেন। পরে প্রধানমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করবেন।
এদিকে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
৩৬ জনের তালিকা সম্বলিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) তাদেরকে বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।