ঢাকা : বাংলাদেশে ঢুকে পড়া মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নিতে দেশটির সরকার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মায়ানমারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা তাদের নাগরিকদের এবং বর্ডার গার্ড সদস্যদের ফিরিয়ে নিয়ে যাবে। এখন তাদের উড়োজাহাজে নাকি নৌকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা নিয়ে আলোচনা চলছে।
এর আগে ভারতেও বিজিপির অনেক সদস্য ঢুকে পড়েছিলেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকে তাদের উড়োজাহাজে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
মায়ানমার থেকে এখনো অনেকে আসছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরাও যোগাযোগ করেছি। এখনো আরও আসছে, আসার সম্ভাবনা আছে। কয়েকজন আহত হয়েছেন। তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীমান্ত পরিস্থিতি এবং তৃতীয় দেশ বা জাতিসংঘের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সীমান্ত যথেষ্ট রক্ষিত আছে। তারা যেহেতু পালিয়ে এসেছেন, তাই তাদের আশ্রয় দিয়েছি। যেহেতু দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা চলছে, সেহেতু তৃতীয় পক্ষকে এখানে জড়িত করার কোনো প্রশ্ন নেই।
রাখাইন রাজ্যে মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াইয়ের পরিপ্রেক্ষিতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অন্তত ৯৫ সদস্য গত রবিবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন।