বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

বৃহস্পতিবার পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬৯ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে আগামী (২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার।

এদিন পাতাল মেট্রোরেলের (অফিসিয়াল নাম এমআরটি লাইন-১) নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, আগামী ২ ফেব্রুয়ারি বেলা ১১টায় পূর্বাচল সেক্টর ৪-এ ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন ১-এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, বিমানবন্দর-কমলাপুর এবং পূর্বাচল-নতুন বাজার-রূপগঞ্জের পিতলগঞ্জ রুটে ৩১ কিলোমিটার বিশিষ্ট পাতাল ও উড়াল মেট্রোরেল (এমআরটি লাইন-১) নির্মাণ করা হবে। ডিএমটিসিএল এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবে। এমআরটি লাইন-১-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের পিতলগঞ্জ এলাকায় প্রথম রেল ডিপো নির্মাণ করা হবে।

প্রকল্পের বিবরণে বলা হয়, এমআরটি লাইন ১-এর প্রথম অংশ হলো বিমানবন্দর রুট (বিমানবন্দর-কমলাপুর), যাতে ১২টি স্টেশনসহ ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার বিশিষ্ট পাতাল রেল হবে।

আর দ্বিতীয় অংশ হলো পূর্বাচল রুট (নতুন বাজার থেকে রূপগঞ্জের পিতলগঞ্জ ডিপো), যাতে নয়টি স্টেশনসহ ১১দশমিক ৩৬৯ কিলোমিটার বিশিষ্ট উড়াল মেট্রোরেল হবে। এই স্টেশনগুলোর মধ্যে সাতটি স্টেশন উড়ালে হবে এবং বিমানবন্দর রুটের অংশ হিসেবে নতুন বাজার ও নর্দ্দা স্টেশন পাতাল অংশে থাকবে।

এমএএন সিদ্দিক আরো বলেন, নতুন বাজার স্টেশনে এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) সহ আন্তঃপরিবর্তন করার সুবিধা থাকবে। যেখান থেকে যাত্রীরা নেমে পূর্বাচল বা পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাওয়ার সুযোগ পাবেন।

সেই সাথে এমআরটি লাইন-১ ঢাকা বিমানবন্দর থেকে কমলাপুর যেতে ২৪ মিনিট সময় নেবে। ১২টি পাতাল স্টেশনে বিরতি ও সাতটি উড়াল স্টেশনে বিরতিসহ নতুন বাজার থেকে পূর্বাচল যেতে ২০ মিনিট সময় লাগবে। এমআরটি লাইন-১ পাতাল স্টেশন চারতলা বিশিষ্ট হবে। টিকিট কাউন্টার এবং অন্যান্য সুবিধাদি প্রথম বেজমেন্ট লেভেলে থাকবে। প্ল্যাটফর্মটি হবে দ্বিতীয় তলায়। উড়াল স্টেশনের টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্ম হবে চতুর্থ তলায়। উড়াল ও পাতাল উভয় স্টেশনেই লিফট, সিঁড়ি এবং এসকেলেটর থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর