ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী একটি অটোরিকশা ও মুরগিবাহী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও ৫ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই নারী শ্রমিক হলেন, হাতিবেড় এলাকার আসাদ আলীর স্ত্রী আসমা আক্তার (৩৫) এবং একই এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, পোশাক শ্রমিকদের বহন করা অটোরিকশাটি ভালুকার ভরাডোবার দিকে যাচ্ছিল। অন্যদিকে মুরগীবাহী একটি পিকআপ ঘাটাইলের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘন কুয়াশার কারণে ঘটা এ সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান ওসি।