ঢাকা : ঢাকার আশুলিয়ায় একটি ময়লার ড্রাম থেকে এক দিন বয়সী এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সকালে আশুলিয়ার গোরাট এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় কে বা কারা শিনশিন কারখানার পাশের একটি ময়লার ড্রামে ওই নবজাতক ফেলে যায়। সকালে স্থানীয় এক নারী ওই পথ দিয়ে যাওয়ার সময় কান্নার শব্দ শুনতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে ময়লা ফেলার ওই ড্রাম থেকে জীবিত অবস্থায় নবজাতকটি উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।
নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) হারুন অর রশিদ বলেন, নবজাতকটির বয়স মাত্র এক দিন। শিশুটির নাড়ি ছেঁড়ার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে শিশুটিকে আমাদের হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এক দিন বয়সী ওই নবজাতকের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় না পেলে নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজসেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।