বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই করতো অটোরিকশা চালক ; অতঃপর

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে যাত্রীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে ছিনতাই করতো অটোরিকশা চালক মিজানুর রহমান মিজান ওরফে রানা (৪১)। অতঃপর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মিজান। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (চট্ট মেট্রো-থ-১৩- ২৭৯৮), টিপছোরা ও ১২৫ গ্রাম মরিচের গুড়াও জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের ২৫ হাজার টাকাও।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাকলিয়া থানার কালামিয়া বাজার এক্সেস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর রহমান মিজান ওরফে রানা পিরোজপুরের ইন্দুরকানী থানার পারেরহাট টেংরাখালী গ্রামের আনছার আলী হাওলাদারের ছেলে।

যাত্রীদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিতো বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর।

মিজান ওই চক্রের মূলহোতা জানিয়ে ওসি বলেন, আকতার হোছাইন নামের এক ব্যক্তির দায়ের করা মামলার ফলে অভিযান পরিচালনা করে বুধবার দিবাগত রাতে ছিনতাইকারী চক্রের হোতা মিজানুর রহমান রানাকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর হাকিম আদালতে তোলা হবে। পাশাপাশি তার চক্রের অন্য সদস্যদের গ্রেফতারেও অভিযান চলছে।

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী আকতার হোছাইন নিউমার্কেট এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা করে ৮০ টাকা ভাড়ায় চাক্তাই যাচ্ছিলেন মুদি মালামাল কেনার জন্য। সিএনজি অটোরিকশাটি রাত পৌনে ১০টার দিকে ফিরিঙ্গীবাজার মেরিনার্স সড়কে অন্ধকারে চালক গাড়ি দাঁড় করানোর সাথে সাথে দুই ছিনতাইকারী সিএনজিটির দুইপাশে উঠে। এসময় পেছনের সিটে বসা ছিনতাইকারী আকতার হোছাইনকে টিপছোরা দিয়ে হত্যার ভয় দেখায় এবং মারধর করে তার ব্যবহৃত মোবাইল ও সঙ্গে থাকা ৬২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে চোখে মরিচের গুঁড়া লাগিয়ে অটোরিকশা থেকে নামিয়ে দেয়। এরপর ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে ১৪ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় মামলা করেন।

আর আর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর