জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা : ঢাকার কেরাণীগঞ্জ এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের মূলহোতা মোঃ এমদাদ ব্যাপারী (৬৩)’কে গ্রেফতার করেছে র্যাব-৩। তিনি ইতালি পাঠানোর কথা বলে প্রায় অর্ধ-শতাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে৷
শনিবার (০৫ আগস্ট) বিকেলে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন গদারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
গ্রেফতার এমদাদ বেপারী মাদারীপুর সদর উপজেলার কুমাড়খালী গ্রামের মৃত শফিজ উদ্দিন বেপারীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামির জনশক্তি রপ্তানীর কোন লাইসেন্স না থাকা স্বত্তেও সে তার চক্রের অপরাপর সদস্যদের যোগসাজশে ভিকটিমদের উচ্চ বেতনে চাকুরী এবং লোভনীয় সুযোগ-সুবিধাসহ ইতালি পাঠানোর কথা বলে প্রায় অর্ধ-শতাধিক বেকার যুবকদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে তারা ভিকটিমদেরকে ইতালীতে প্রেরণের পরিবর্তে লিবিয়াতে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের অন্যান্য সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ হিসেবে দেশে অবস্থিত ভিকটিমদের স্বজনদের কাছ থেকে আরোও অর্থ আদায় করত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।