জ্যেষ্ঠ প্রতিবেদক : ২০০৯ সালের ৯ ডিসেম্বর রংপুরের বদরগঞ্জে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারকাজ শেষে ২০১৯ সালে এ মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- মোশারফ হোসেন ওরফে নয়ন (৪২) ও তার সহযোগী কসাই ওরফে শফিক। হত্যাকাণ্ডের পরপরই আত্মগোপনে চলে যান নয়ন। পরে গোপনে ভারতে পালিয়ে যান। দুই থেকে তিনমাস আগে তিনি দেশে ফেরেন। শুক্রবার (২১ এপ্রিল) অভিযান চালিয়ে নয়নকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মো. পারভেজ রানা এ তথ্য জানান।
তিনি জানান, নিহত রেজাউল করিম ও আসামি নয়ন একই ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। এসময় তাদের মধ্যে অর্থ লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ২০০৯ সালের ৯ ডিসেম্বর আসামি নয়ন ও তার সহযোগী কসাই ওরফে শফিক মিলে চাপাতি দিয়ে রেজাউলকে কুপিয়ে হত্যা করে।
র্যাবের এ কর্মকর্তা বলেন, মামলার রায় হওয়ার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নয়ন ভারতে পাড়ি জমান। ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সম্প্রতি তিনি দেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার নয়নকে থানায় হস্তান্তর করা হবে।
বর্তমান সংবাদ/আরআর/টিএ