নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : মেহেরপুরে এক মাদক বিরোধী অভিযানে সাত কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো: মারফত মন্ডল (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ১২।
রোববার (২৫ জুন) দুপুর ১২টার দিকে র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মো: গোলাম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান।
এর আগে ওই দিন সকালে গোপন সাংবাদের ভিত্তিতে সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মেহেরপুর জেলার গাংনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ ঈদগাহপাড়া কাঁচাবাজার সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার নিকট থেকে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত ভ্যান, একটি মোবাইল ফোন এবং এক হাজার ছয় শ’ টাকা জব্দ করা হয়।
মারফত মন্ডল গাংনী উপজেলার গাড়াডোব মাঠপাড়ার মরহুম এমাজ উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাশের এলাকা হতে মাদকদ্রব্য ক্রয় করে এনে তিনি তার নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করতেন।
পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে তাকে মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।