আসাদুর রহমান, যশোর : যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় ট্রাক চাঁপায় মাসুম বিল্লাহ রনি (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এরআগে সকালে সেখানে গতিরোধক নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। একইদিনে ঘটল সেখানে দূর্ঘটনা।
বুধবার দুপুরে যশোর-বেলাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আজিজ সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক আশরাফুজ্জামান বাবু বলেন, বেলা ২টার দিকে রনি মোটরসাইকেলযোগে বেনাপোলের দিকে যাচ্ছিল। এসময় একটি বাস অতিক্রম করতে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রনি ছিটকে কাভার্ডভ্যানের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নাভারণ বাজারের সাতক্ষীরা মোড়ের বলাকা ট্রেডার্সের মালিক হুমায়ুন কবির বলেন, নিহত মাসুম বিল্লাহ রনি আমার শ্যালক। সে নাভারন ডিগ্রি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে লেখাপড়া করত। পাশাপাশি রনি আমার দোকানের বিক্রয় প্রতিনিধি ছিল।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন হুসাইন জানান, পারিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।