স্টাফ রিপোর্টার : ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশরাফুর রহমান উজ্জ্বলকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৪। এর আগে বুধবার রাজধানীর মিরপুরে শেওড়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে মিরপুরের মনিপুরে একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করতো শিশুটি। ঘটনার দিন রিকশা চালাতে তার বাবা ও পোশাককর্মী মা কাজে বের হন। এসময় পাশের রুমের ভাড়াটিয়া আশরাফুর রহমান উজ্জ্বল শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে শিশুটিকে ভয় দেখান, যাতে কাউকে না বলে।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা জিজ্ঞেস করলে আশরাফুর রহমান উজ্জ্বল তাকে ধর্ষণ করেছে বলে জানায়। এতে তার মা বাদী হয়ে মিরপুর মডেল থানায় ধর্ষণ মামলা করেন। বিচার শেষে আদালত রায়ে আসামিকে যাবজ্জীবন সাজা ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন।
র্যাব জানায়, মামলার পর আশরাফুর রহমান উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ। দুই বছর ৬ মাস কারাভোগ করে জামিন নেন তিনি। এরপর গত দুই বছর ধরে ছদ্মবেশ ধারণ করে গাজীপুর, উত্তরা, টঙ্গী, বাড্ডা, রামপুরাসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিলেন উজ্জ্বল। সবশেষ তাকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আর আর/টিএ