ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।