মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে থৈ থৈ করছে লোনা পানি। ডুবে আছে শহীদ মিনারের বেদী ও জাতীয় পতাকার মঞ্চ। প্রাকৃতিক দুর্যোগের সাথে স্কুল সংলগ্ন মৎস্য ঘের ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলামের উদাসীনতাকে দায়ী করছেন সচেতন মহল।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন বলেন, রেজাউল ইসলাম স্কুল সংলগ্ন প্রায় ৮ বিঘা বিলান জমিতে লোনা পানি উত্তোলন করে চিংড়ি চাষ করে থাকেন। তিনি তার মৎস্য ঘেরের বাকি ৩ অংশে বেড়িবাঁধ দিলেও স্কুলের (উত্তর দিকে) অংশে ইচ্ছাকৃতভাবেই বেড়িবাঁধ দেননি। ফলে মৎস্য ঘেরে জোয়ারের পানি তুললেই তাতে স্কুল চত্বরে ঢুকে মাঠ প্লাবিত হয়ে যায়।
গত কয়েক দিনের টানা বর্ষনে তার ঘেরের পানি উপছে একইভাবে স্কুল চত্বরে ঢুকে পড়ে। এতে স্কুলের শহীদ মিনারের পাদদেশ, জাতীয় পতাকার ষ্ট্যান্ড ও পশ্চিম পাশের কয়েকটি ভবনের বারান্দা তলিয়ে যায়। লবনাক্ত পানির জন্য ভবনগুলো ক্ষতিগ্রস্থ হয়ে যাচ্ছে। দ্রুত পানি অপসারণ না করলে লোনা পানিতে স্কুলের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন স্কুল কর্তৃপক্ষ। স্থায়ী সমাধানের জন্য ওই মৎস্য ব্যবসায়ীকে অনতিবিলম্বে তার ঘেরের উত্তর দিকে (স্কুল) বেড়িবাঁধ নির্মান করে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
এ ব্যাপারে মৎস্য ঘের ব্যবসায়ী রেজাউল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি