আশুলিয়া (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় ট্রেড ইউনিয়ন নেতাদের বে-আইনীভাবে চাকুরীচ্যুতি বন্ধ, শিল্প বিরোধী ষড়যন্ত্রকারী ও স্বৈরাচার সরকারের সহযোগীদের গ্রেফতারসহ গার্মেন্টস শিল্প রক্ষার দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক ও শ্রমিক প্রতিনিধিরা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া থানা কমিটি এবং বিভিন্ন কারখানার নেতৃবৃন্দের উদ্যোগে পলাশবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালীও বের করেন তারা।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি শাহিন আলম সরকারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।
মানব বন্ধন্ব বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনকে দূর্বল করে দেয়ার জন্য কিছু শিল্প বিরোধী কুচক্রি মহল ও স্বৈরাচার সরকারের সহযোগীরা একত্রিত হয়ে পরিকল্পিতভাবে ট্রেড ইউনিয়ন নেতাদের চাকুরীচ্যুত করছে। এধরণের বে-আইনী কর্মকাণ্ড শ্রম আইনের চরম লঙ্ঘন এবং গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার এক ঘৃণ্য অপচেষ্টা। তাদের সহযোগিতায় ইতিমধ্যে তানাজ ফ্যাশন শ্রমিক ইউনিয়ন, পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়্যার শ্রমিক ইউনিয়ন, আইরিশ নীটওয়্যার শ্রমিক ইউনিয়ন এবং রাতুল ফেব্রিক্স শ্রমিক ইউনিয়ন সহ বেশ কয়েকটি কারখানার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে চাকুরীচ্যুত করেছে।
বক্তারা আরো বলেন, গার্মেন্টস শিল্প দেশের রপ্তানী আয়ের মূল চালিকা শক্তি। এই শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশের অর্থনীতি ও কোটি শ্রমিক পরিবারের জীবিকার বিরুদ্ধে ষড়যন্ত্র। বে-আইনীভাবে চাকুরীচ্যুত বন্ধ করার পাশাপাশি দেশ ও শিল্প বিরোধী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে গার্মেন্টস শিল্প রক্ষার দাবী জানান বক্তারা।
এসময় বক্তব্য দেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা জেসমিন আক্তার, কবির হোসেন, মিসেস আলেয়া বেগম, ভুক্তভোগী তানিয়া আক্তার, আব্দুল বাকী ও মোকাররম হোসেন প্রমূখ।