আশুলিয়া (ঢাকা) : শিলয়াঞ্চল আশুলিয়ায় লাব্বাইক পরিবহণের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রবিবার (১৯ মে) রাত ১২ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গণকবাড়ি এলাকার নতুন ডিইপিজেডের বিপরীত পাশে চন্দ্রাগামী লেনে ওই বাসে আগুনের ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিস জানায়, রাত ১২ টার দিকে নতুন ইপিজেডের বিপরীত পাশে বাসটি থামিয়ে কয়েল কিনতে যায় স্টাফরা। কয়েল কিনে ফিরে এসে দেখে বাসে আগুন জ্বলছে। পরে ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পাশেই ডিইপিজেড ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, রাত ১১ টা ৫৮ মিনিটের দিকে বাসে আগুন লাগার খবর পাই। দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথচারীদের ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।