নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার আশুলিয়ার গণকবাড়িতে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি ১২ তলা ভবনের নির্মানাধীন ছাদ ধসে পড়েছে। এতে সেখানে কর্মরত অন্তত ৭ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত বাংলাদেশ পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের মেডিকেল ইনিস্টিউটের জন্য বরাদ্দকৃত ১২ তলা ভবনটির নির্মানাধীন ছাদ ধসে পড়ে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, ১২ তলা ভবনটির ছাঁদের ঢালাইয়ের জন্য রড দিয়ে কাঠামো নির্মাণ করা হচ্ছিল। ওই কাঠামোই ধসে পড়ে। এতে ৭ জন নির্মাণ শ্রমিক আহত হয়। সেখানে মোট ২৫ জন শ্রমিক কাজ করছিলো।

সাভারের ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, ৭ জন শ্রমিক আহত হয়েছ। আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকেই মাথায় ও শরীরে আঘাত পেয়েছেন।
তিনি বলেন, আমরা সবাইকে জীবিত উদ্ধার করেছি। তবে ঘটনার পরপরই সেখানে গিয়ে নির্মানাধীন ভবনটির প্রকৌশলী ও ঠিকাদার কাউকে পাওয়া যায়নি। শ্রমিকদের সাথে কথা বলে আমরা শ্রমিক সংখ্যা নিশ্চিত হয়েছি।সবাইকে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিয়ে নির্মাণাধীন ভবনের প্রকৌশলী ও ঠিকাদার কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম বলেন, বিকেলে ছাদের কিছু অংশ ভেঙে যায়। এতে কেউ নিহত হয়নি। আহত হয়েছেন ৭ জনের মত। ফায়ার সার্ভিস ও আমরা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
তিনি বলেন, ভবনটি হাসপাতালের জন্য করা হচ্ছিলো। ২০১৬ সাল থেকে এই ভবনের কাজ শুরু হয়েছে। ঠিকাদারির কাজটি করছিলেন স্টার লাইট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে আর দেখা যায়নি।
বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের মহা-পরিচালক দেবাশীষ পাল বলেন, মুলত এই ভবনটি মেডিক্যাল থিসিস করার জন্য মেডিকেল ইনিস্টিউট করা হচ্ছে। আমি ঘটনাটি শুনেছি। বাইরে ছিলাম এখন যাচ্ছি। আর এ প্রকল্পটির পরিচালক যে আছেন, বিষয়টি তিনি দেখছেন।
কেএসটি/টিএ